মির্জাপুরে পাহাড় ও নদীর মাটি চুরি অব্যাহত

স্টাফ রিপোর্টার
মির্জাপুরে পাহাড় ও নদীর লাল মাটি চুরি রোধে অভিযান ছবি: সংগৃহীত
মির্জাপুরে পাহাড় ও নদীর লাল মাটি চুরি রোধে অভিযান ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততায় প্রশাসনের চোখ এড়িয়ে বংশাই-লৌহজং নদী ও পাহাড় থেকে মাটি চুরির ঘটনা অব্যাহত রয়েছে। নদী, ফসলি জমি এবং পাহাড়ের লাল মাটি চুরি করে ডাম্প ট্রাকে বহন করা হলে এলাকার রাস্তা ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, ফতেপুর, থলপাড়া, চাকলেশ্বর, গোড়াইল, গাড়াইল, ত্রিমোহন নদীর ঘাট, কোদালিয়া, হাটুভাঙ্গা, দেওহাটা, কোর্ট বহুরিয়া, ওয়াশি, নাগরপাড়া, উফুলকী, গুনটিয়া, মাঝালিয়া, আনাইতারা, বানাইল, ভাতগ্রাম, ভাওড়া ও বহুরিয়াসহ অন্তত ২০–২৫টি স্থানে নদী ও পাহাড়ের মাটি চুরি হচ্ছে। পাহাড়ের লাল মাটি কাটায় বনভূমি ও জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান, মাটি চোর চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেট করে কাজ করছে। বাধা দিলে তারা রাজনৈতিক নেতা বা কর্মকর্তার পরিচয় দেখিয়ে ভয়ভীতি এবং মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে।

বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম বলেন, পাহাড়ের লাল মাটি রক্ষায় নিয়মিত অভিযান চলছে। মাটি কাটার খবর পেলে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জানান, অবৈধভাবে কাটা মাটির ডাম্প ট্রাক ও এক্সকাভেটর জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মাটি চোর চক্র থেকে প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত