বেতন-ছুটির টাকার দাবিতে কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক এলাকায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (২০ মে) দুপুর থেকে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, চলতি মাসের অর্ধেক বেতন, বার্ষিক ছুটির টাকা এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতিতে যান। পরে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছিলেন।

কারখানার অপারেটর মো. মাসুদ রানা বলেন, কিছুদিন ধরে শ্রমিকরা বার্ষিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট এবং মে মাসের অর্ধেক বেতন ঈদের আগেই পরিশোধের দাবি জানিয়ে আসছেন। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছেন।

কারখানার পিএম রাসেল মাহমুদ বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত