নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
পরে গুরুতর আহত কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গরুবাহী ভুটভুটিগুলো প্রায়ই মহাসড়ক দিয়ে চলাচল করে। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।