গাংনীতে বিএনপি নেতাকে গুলি, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কুঠুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি মুকুল হোসেন, তিনি সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাহারবাটি ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার বুকে ও পিঠে পাঁচটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।

স্থানীয়দের দাবি, এর আগেও মুকুল হোসেনের ওপর দুই দফায় বোমা হামলার ঘটনা ঘটেছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত