গোবিন্দগঞ্জে বৃষ্টিতে পানির নিচে ১৩ একর আলুক্ষেত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে প্রায় ১৩ একর জমির উঠতি আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে সময়মতো আলু তুলতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

শুক্রবার (১৩ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ও শাখাহার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিচু জমিতে থাকা অনেক আলুর ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে আছে। দ্রুত পানি না নামলে এবং আলু তুলতে দেরি হলে ক্ষেতের আলু পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, কয়েকদিন ধরেই তারা আলু তোলার কাজ করছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে, আর এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

কৃষকদের ভাষ্য, এখনো অনেক জমির আলু তোলা বাকি রয়েছে। জমিতে পানি জমে যাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৬৩৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ একর জমিতে বৃষ্টির পানি জমেছে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ২৫ বিঘা জমির আলু তুলে নেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে এবং কৃষকদের দ্রুত আলু তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে জমির পানি নেমে গেলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত