গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে সিরাজুল (৪২) ও শেফালী বেগমকে (৩৪) আটক করা হয়।
আটক দুজন গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাসিতলা এলাকার বাসিন্দা। তারা অভিযোগকারী আব্দুর রাজ্জাকের আপন চাচার শালিকা ও ভায়রা বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার হাসপাতালে থাকা শিশুটির দাদির কাছ থেকে শেফালী বেগম শিশুটিকে কোলে নেন। এ সময় তিনি শিশুটিকে সুন্দর হয়েছে বলে আদর করেন। পরে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে হাসপাতালের বাইরে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটিকে তৃতীয় তলায় খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হন। সেখানে নবজাতক শিশুসহ শেফালী বেগমকে দেখতে পান তারা। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে শেফালীকে আটক করেন।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা শেফালী বেগম ও তাঁর স্বামী সিরাজুলকে পুলিশের হাতে তুলে দেয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার বলেন, এ ঘটনায় এজাহার পাওয়া গেছে। অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।