জামালপুরে ফেসবুকে তেল বিক্রির খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুর উপজেলার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি হবে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।
তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমাণ চালকরা।
একপর্যায়ে তারা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ ওই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুক পোস্ট থেকে ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।