বান্দরবান ভয়াবহ আগুন, পুড়ল ৪৭ দোকান-ঘর

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৭টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

শনিবার (১৭ মে) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর বান্দরবান স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে বাজারের প্রায় ৪৭টি দোকান ও আশপাশের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা জানান, বাজারের পেছনের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী বলেন, দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই বাঘমারা বাজারে আগুনে ১৩টি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গিয়েছিল।

সম্পর্কিত