দেশজুড়ে সমাদৃত মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম-এর হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
পুলিশ জানায়, রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতাল-এ চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন-কে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানা-য় একটি মামলা দায়ের করা হয়।
এডিসি আক্কাস আলী জানান, র্যাব-২ ও র্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করে এবং পরে তাদের থানায় হস্তান্তর করে। তবে এ ঘটনার মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়। গত ১০ এপ্রিল সকালে তারা ভুক্তভোগীর বাসার সামনে গিয়ে দরজা খুলে চাঁদা দাবি করে এবং না দিলে ক্ষতির হুমকি দেয়।
পরে তারা আরও লোকজন জড়ো করে হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এ সময় তারা স্লোগান, গালাগালি ও হুমকির মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার চেষ্টা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।