নোয়াখালীর সোনাইমুড়ীতে পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়া এবং নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন স্বজনরা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার পর উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৪০) ওই গ্রামের মৃত মফিজ উল্ল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য দীর্ঘ সময় বিদেশে অবস্থান করছিলেন আনোয়ার হোসেন। সম্প্রতি তার স্ত্রী আকলিমা আক্তার রিতার সঙ্গে একই এলাকার এক ব্যক্তির সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।
স্বজনদের দাবি, কিছুদিন আগে দেশে ফিরে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেন আনোয়ার। তবে স্ত্রী ফিরে না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর মধ্যে স্ত্রী তাকে তালাক দেন বলেও দাবি করেন তারা।
পরিবারের সদস্যদের অভিযোগ, স্ত্রী চলে যাওয়া এবং অর্থ-সম্পদ হারানোর বিষয়টি মেনে নিতে না পেরে মঙ্গলবার সকালে আনোয়ার আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।