শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশে ডিজেলের কোনো সংকট নেই এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,
বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তিনি জানান, নির্ধারিত তেল নির্ধারিতভাবে সরবরাহ করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অকটেন ও পেট্রোলের পরিবর্তে ডিজেল সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি পাম্পে এবং পরিবহন ব্যবস্থায় নির্ধারিত জ্বালানি সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
শ্রম ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন,
শ্রমিক-মালিক সম্পর্ক কীভাবে উন্নত করা যায়, শ্রমিকদের সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং কলকারখানা কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুর-ঢাকা শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন ও বোনাস সংক্রান্ত বিষয় সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।