কুষ্টিয়ায় মাজারে হামলা, অগ্নিসংযোগ এবং সুফি ইমাম আব্দুর রহমান (শামীম) হত্যার প্রতিবাদে বরিশাল-এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল-এর সামনে গণতান্ত্রিক ছাত্রজোট-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মাজারে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তুষার সেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ভূমিকা সরকার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি সুজয় সরকার এবং বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ মারিয়া মার্জাসহ প্রমুখ।
বক্তারা বলেন, অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে সমাধান হওয়া উচিত ছিল। কিন্তু বিচারবহির্ভূত সহিংসতার মাধ্যমে হত্যা সংঘটিত হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী। তারা আরও বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় ‘বিবেকবান মানুষ’ রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, শনিবার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ‘শামীম বাবার দরবার শরিফে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দরবারের সুফি ইমাম আব্দুর রহমান (শামীম) নিহত হন।