হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল (৫১) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেনের ছেলে নুর মোহাম্মদ (১৫), যিনি ইউনিক পরিবহনের একজন যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় নুর মোহাম্মদের মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।