খাল খনন প্রকল্পে অনিয়মের সুযোগ নেই: এমপি সরওয়ার নিজাম

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাল খনন প্রকল্পকে শুধু পানি নিষ্কাশন বা কৃষির উদ্যোগ নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

রোববার (১০ মে) আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় চাতরী কান্দুরিয়া খাল পুনঃখনন এবং শাঙ্গু নদীর সংযোগ খালসহ বিভিন্ন খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এসব উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। গ্রামীণ উন্নয়নই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।”

এ সময় তিনি দাবি করেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

এমপি নিজাম বলেন, রাস্তাঘাট, সেতু নির্মাণ ও খাল পুনঃখননের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ চলছে। তবে অতীত সরকারের সময় দেশের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তিনি পরৈকোড়া বাংলা খাল খনন প্রকল্পে স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করায় অসন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সম্পর্কিত