বুধবার (৬ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জিন পেসমের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে মন্ত্রী বিশ্ব ব্যাংককে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দলের প্রধান জিন পেসমে নতুন সরকারে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং সড়ক, সেতু, নৌ ও রেল খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।