গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য দরকার: এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির নেতৃত্বে গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলগুলোর উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার এখনো ছয় মাসও পূর্ণ হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়। অথচ তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।

তিনি আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার পথ যারা তৈরি করতে চায়, তাদের এর দায়দায়িত্ব নিতে হবে। দেশের জনগণ রাজপথে থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সামনের দিনেও রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সম্পর্কিত