অবসরের টাকা পেতে শিক্ষকদের আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে এখন থেকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষকদের অর্থ পেতে কোনো ধরনের ভোগান্তি বা মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের অবসরের টাকা পেতে আগে বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো এবং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো। এখন সরাসরি তাদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের বাস্তব পরিস্থিতি নিয়ে তৈরি একটি ভিডিওতে আগে অবসর ভাতার টাকা পেতে তাদের নানা সমস্যার বিষয়টি দেখা গেছে। অনেক ক্ষেত্রে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসর ভাতার তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এরপরও বিশেষ ব্যবস্থায় তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে। শিক্ষকতা থেকে অবসর নিলেও একজন শিক্ষক হিসেবে সমাজে তাদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধ শুরু হয়।

সরকার জানিয়েছে, দীর্ঘদিনের বকেয়া পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের ৬৪ জেলায় একযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে এসব অর্থ পাঠানো হচ্ছে।

এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত