বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাত ১২টার পরও দেশে প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ অগণিত ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক, যেগুলো রাতে চার্জ দেওয়া হয়। এসব যানবাহনের একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ করা হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইকের ব্যাপক ব্যবহার এবং রাতে এগুলোর চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়ার বিষয়টিও বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার অভিযান পরিচালনা করছে। বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে হঠাৎ আগুন লাগার ঘটনার কারণে দেশে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কারিগরি ত্রুটি ও আগুন লাগার পরপরই পাশে থাকা অন্য একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল। এর ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।