ভিন্ন মত প্রকাশই গণতন্ত্রের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাসী এবং সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়।
রোববার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই।”
এ সময় তিনি আরও বলেন, মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে সরকার ম্যান্ডেট পেয়েছে, তা বাস্তবায়ন করাই মূল লক্ষ্য।
এর আগে দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সভায় ত্রাণমন্ত্রী বলেন, কুড়িগ্রাম এখনো দেশের পশ্চাৎপদ জেলা হিসেবে বিবেচিত হলেও উন্নয়নের জন্য জনপ্রতিনিধি ও সাংবাদিক উভয়েরই দায়িত্ব রয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সঠিক পথে কাজ করতে পারেন, যা উন্নয়নকে ত্বরান্বিত করে।
তিনি আরও বলেন, সত্যতা যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা উচিত নয়, কারণ নির্ভুল সাংবাদিকতা উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করে।
কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি তিস্তা নদীর প্রভাবের কথাও তুলে ধরে বলেন, একটি নদীর কারণে পুরো একটি জনপদ পিছিয়ে পড়েছে, অথচ নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা ছিল।
সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।