তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক এবং অল্প সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা তিস্তা পাড়ের সন্তান। তিস্তা ঘিরে বিভিন্ন আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রীও এসব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’
তিনি জানান, সাম্প্রতিক বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তরিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থায়নের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থায়ন। আমরা চাইলে সরকারি অর্থায়ন থেকেই এ প্রকল্প বাস্তবায়ন করতে পারি। ১০ বছরের পরিকল্পনায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। এটিকে আমি বড় কোনো বিষয় মনে করি না।’
তবে প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কারিগরি সহায়তা নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘প্রযুক্তিগত সহায়তার জন্য বাইরের বিশ্বের সহযোগিতা প্রয়োজন হতে পারে। কোন দেশের কাছ থেকে সেই সহায়তা নেওয়া হবে, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, আজকের বৈঠক নিয়ে তিনি আশাবাদী। খুব শিগগিরই জাতির সামনে প্রকল্পের কাজ শুরুর সম্ভাব্য সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা তুলে ধরা সম্ভব হবে।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।