ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায়। তবে সেই উদ্যোগ ব্যাহত করতে একটি মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্ট বিদায় নেওয়া স্বৈরাচারী শক্তির সঙ্গে একটি গোষ্ঠীর মিল রয়েছে এবং গোপনে যোগাযোগও রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, শিশুদের জন্য শিক্ষা সহায়তা এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা কার্যক্রমের কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব মানুষকে এসব সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি এক শ্রেণির মানুষ উন্নয়ন কার্যক্রমের পরিবর্তে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহের খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে জেলার প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। উদ্বোধন হওয়া খালটি প্রায় চার হাজার কৃষক পরিবারের কৃষিকাজে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান।

সম্প্রতি আলোচিত রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। তবে বিচার প্রক্রিয়া আইন মেনে পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং সারা দেশে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে কাজ করছে, যাতে নতুন প্রজন্ম দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।

এর আগে দুপুরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শ্রমিকদের সঙ্গে খালে নেমে মাটি কাটার কার্যক্রমেও অংশ নেন তিনি।

সম্পর্কিত