প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার বিষয়টি তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং কর্মীদের ব্যয় হ্রাস পায়।
দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রথমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বক্তব্য দেন, পরে তারেক রহমান বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের ও ঘনিষ্ঠ। পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, আইসিটি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, প্রতিরক্ষা ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের দুই দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে কাজ অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ান এবং আরসিইপি-তে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে আগ্রহী।
সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তারেক রহমান।