মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগ: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় আটকে থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক যাওয়া কমাতে দেশের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য মৌলিক আরবি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে স্কুলের পাঠ্যক্রমে ইংরেজিসহ পাঁচটি ভাষা শিক্ষা এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, অন্যদের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে ইংরেজিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্ষম হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, সরকার শুধু পরিকল্পনা ঘোষণা করছে না, বরং ধীরে ধীরে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। আইনের আওতায় থেকে প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সে সম্ভাবনাকে কাজে লাগাতে কঠোর পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে।

তিনি ব্যক্তিগত প্রসঙ্গ টেনে বলেন, তার পরিবারের সঙ্গে অতীতে যা ঘটেছে, তার জন্য তিনি কোনো প্রতিশোধ নিতে চান না। বরং ধৈর্য ও দায়িত্ববোধ নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পক্ষে তিনি মত দেন।

দেশের উন্নয়নে দাবি-দাওয়ার রাজনীতির বাইরে এসে দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং কয়েকটি সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সম্পর্কিত