বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের বড় বাধা হয়ে দাঁড়ানো ব্যাংক গ্যারান্টি বা বড় অঙ্কের টাকা জমার প্রয়োজনীয়তা দূর করতে প্রধানমন্ত্রী নতুন উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর মঙ্গলবার (২৪ মার্চ) জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যেসব শিক্ষার্থী যাত্রা করবেন, তাদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরবরাহ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশীয় শিক্ষার্থীরা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এবং অন্যান্য উন্নত দেশে যাত্রা করার আগে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবে। এ ছাড়া বৈদেশিক শ্রমবাজারে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।
নুরুল হক নুর আরও জানান, বিদেশে শিক্ষার্থীদের জন্য ভাষা দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা ভালো বেতনের চাকরি পেতে পারেন। পাশাপাশি ইউরোপের কিছু দেশে ভিসা প্রক্রিয়ার জন্য ভারতের মাধ্যমে যাতায়াতের প্রয়োজনীয়তা দূর করতে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন।