সংসদ আন্দোলনের স্থান নয়, হাসনাতকে স্পিকারের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উত্তেজিত হয়ে বক্তব্য দেওয়ায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য Hasnat Abdullah-কে সতর্ক করেছেন স্পিকার Hafiz Uddin Ahmed, বীর বিক্রম। তিনি বলেন, সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়, এখানে নিয়ম মেনে কথা বলতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাসের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিলের সংশোধনী নিয়ে বিরোধীদলের আপত্তির মুখে হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে পড়লে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।”

তিনি আরও বলেন, সংসদে ধৈর্য ধরে বক্তব্য শুনতে হবে এবং নিয়ম অনুযায়ী নোটিশ দিয়ে মতামত জানাতে হবে। মৌখিকভাবে হঠাৎ বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার সংসদের বর্তমান পরিবেশকে ‘বিরল’ উল্লেখ করে বলেন, ইতোমধ্যে ৯০টি বিল পাস হয়েছে এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে একটি ইতিবাচক সমঝোতা লক্ষ্য করা যাচ্ছে, যা অতীতের তুলনায় অনেক উন্নত।

বিরোধীদলের আপত্তির বিষয়ে তিনি বলেন, আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা পুনর্বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনার সুযোগ রয়েছে এবং সরকার তা বিবেচনা করবে।

তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা এবং সংসদে একাধিক দলের উপস্থিতি গণতন্ত্রকে শক্তিশালী করে। বিরোধী দল যেন তাদের ন্যায্য অধিকার পায়, সে বিষয়ে স্পিকার হিসেবে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, একটি গণঅভ্যুত্থান ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং এখানে একটি বড় বিরোধী দল রয়েছে, যা সচরাচর দেখা যায় না। সব মতপার্থক্য দূরে রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত