১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছি: স্পিকার

স্টাফ রিপোর্টার
 ছবি: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ছবি: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা সংসদকে আরও মহিমান্বিত করবে এবং জনগণের আস্থা বৃদ্ধি করবে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীতের সংসদ নিয়ে স্মৃতিচারণ করে স্পিকার বলেন, এরশাদ আমলের সংসদে সদস্য থাকা তার জন্য লজ্জাজনক অভিজ্ঞতা ছিল। তিনি অভিযোগ করেন, তখন নানা অনিয়ম ও জটিলতার মাধ্যমে সংসদ সদস্য হওয়া স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৯১ সালের সংসদ তুলনামূলকভাবে ভালো ছিল এবং বর্তমান সংসদও একটি কার্যকর গণতান্ত্রিক ধারা বজায় রাখছে। এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ায়।

অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত