সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে ফেরার পর আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদালতের দেওয়া রায় বাস্তবায়নের জন্য তাকে গ্রেপ্তার করা হবে এবং এ ক্ষেত্রে আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
এর আগে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, দেশে ফিরে তিনি এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতের সামনে উপস্থিত হবেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, প্রায় দুই বছর আগে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও এখন তারা স্বেচ্ছায় দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চান।
তিনি আরও দাবি করেন, দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। তবু দেশের মাটিতেই ফিরতে চান বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে এবং মৃত্যুও যদি হয়, তবে তা দেশের মাটিতেই হোক, যেখানে তার মা-বাবা সমাহিত আছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে জুলাইয়ের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।