গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎমন্ত্রীর পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “আমরা লোডশেডিং বলি আর মেরামতজনিত বিদ্যুৎবিভ্রাট বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না—এটাই বাস্তবতা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন, ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।”
তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
মন্ত্রী বলেন, “উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের তো একটি সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরে কোনো নতুন ড্রিলিং কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড্রিলিং শুরু করেছে। আশা করা হচ্ছে, নতুন গ্যাসক্ষেত্র থেকে গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন ১ তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।”
ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করেই সংসদে প্রতিশ্রুতি দেওয়া উচিত।