হজযাত্রীদের সেবা না পারলে পদত্যাগ: ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
ছবি: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।”

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এদিকে, আজ শুক্রবার মধ্যরাত থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩টি ফ্লাইট রয়েছে।

চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন যাত্রা করবেন। এরই মধ্যে ১৭১ সদস্যের একটি মেডিক্যাল টিম সৌদি আরবে পৌঁছেছে।

সম্পর্কিত