রামিসা হত্যা: এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের হতাশার সবচেয়ে কার্যকর জবাব হবে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।

আইনমন্ত্রী বলেন, সম্প্রতি আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়েছিল। ওই ঘটনায় সাত দিনের মধ্যে চার্জশিট এবং এক মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ হয়েছিল।

তিনি বলেন, ‘আজ অফিসে এসে প্রথমেই পুলিশ কমিশনারকে ফোন করেছি। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করতে বলেছি। স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও কথা হয়েছে। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হলেও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে সুপ্রিম কোর্টের অনুমোদনসহ কিছু নির্ধারিত ধাপ রয়েছে, যা সময়সাপেক্ষ হতে পারে।

তিনি জানান, গুরুত্বপূর্ণ মামলাগুলোতে বিশেষ উদ্যোগ নেওয়ার নজির রয়েছে। রামিসা ও আছিয়ার মামলার ক্ষেত্রেও দ্রুত বিচার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

বিচারিক প্রক্রিয়ায় সরকারের সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আদালতের বিচারিক কার্যক্রমে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তবে পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই মামলাটির বিচার হবে।

দেশের বিচারজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ জট কমাতে কাজ করছে।

এদিকে ধর্ষণ মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা করে প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন আইনমন্ত্রী।

সম্পর্কিত