চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভা শুরু হয়।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী দিনে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
এর আগে বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
পরবর্তী দিনগুলোতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালনের পর আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।