রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারেক রহমান। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।
সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেক সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মুসল্লিদের মধ্যে উৎসাহ দেখা যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মালেক।
ঈদের জামাতে অংশ নেন মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে উপস্থিত ছিলেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।