ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয়, বরং স্রষ্টার প্রতি বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে।

প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের শিক্ষা বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ঈদুল আজহাকে গভীর তাৎপর্যময় করে তুলেছে।

তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন এবং মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তার অশেষ রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

সম্পর্কিত