পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদে জনগণের পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত সময়ের মতো জোরজবরদস্তির পথে না গিয়ে বর্তমান সরকার আইন মেনেই অর্থ পাচারকারী ও তছরুপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ জনগণের সম্পদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সেই অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পরে রাজশাহীর সংসদ সদস্য মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের নয়; বরং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এ কাজ করছে।

তিনি বলেন, অতীতে আইন ও নীতি-নৈতিকতা উপেক্ষা করে অনেক ক্ষেত্রে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। বর্তমান সরকার সে পথ অনুসরণ করবে না। বরং দেশের প্রচলিত আইন মেনেই বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে, যাতে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন,

আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের ভিত্তিতেই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত