আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ওপর হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার কোন প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে, তা আপিল বিভাগের রায় পর্যালোচনা করলে স্পষ্ট হবে।
এর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় এ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিষয়টি দীর্ঘদিনের রাজনৈতিক দাবি ছিল।
পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, যেগুলো গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তারা মনে করেন। আপিল বিভাগের রায় অনুযায়ী প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে ‘জুলাই সনদ’, সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে জনপরামর্শের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ছাড়াও আরও ৫৪টি বিষয়ে নির্দেশনা রয়েছে। সরকার সব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেবে।
আসাদুজ্জামান বলেন, যেসব আইন জনগণের ওপর ব্যাপক প্রভাব ফেলে, সেগুলো প্রণয়নের আগে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ, আইনজীবী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের মতামত নেওয়া হবে।
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের জন্য সংবিধানের যেসব ধারায় পরিবর্তন প্রয়োজন, তা রায় ও জনআকাঙ্ক্ষার ভিত্তিতে নির্ধারণ করা হবে।