ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী দিতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
ছবি: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, অতীত প্রজন্ম থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে উন্নত ও সুন্দর কিছু রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সমাজ অতীত প্রজন্মের অবদানের ফল। তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেই আমরা আজ একটি উন্নত ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছি। সমাজে কিছু সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের জন্য যারা ইতিবাচক অবদান রাখছেন, তাদের যথাযথ সম্মান জানানো প্রয়োজন। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য কল্যাণকর উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে তারা আরও সুন্দর ভবিষ্যৎ পায়।

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি আমিন উর রশিদ তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ বছর সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় অবদানের জন্য ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বদরুল হুদা জেনু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান এবং অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

সম্পর্কিত