দেশের প্রতিটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে আসবাবপত্রসহ কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আইনগত বিধিনিষেধের কারণে কক্ষটির নাম “এমপি রুম” না হয়ে “পরিদর্শন কক্ষ” হিসেবে ব্যবহৃত হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি শুরু হয়েছে বলে জাতীয় সংসদে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি বলেন, প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় বাথরুম ও আসবাবপত্রসহ একটি কক্ষ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে ইউএনওদের। কোনো সংসদ সদস্যের একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলায় তিনি এ সুবিধা পাবেন।
এদিকে অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কক্ষ বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি তোলেন। তিনি বলেন, অনেক সময় এমপিদের ভাড়া করা গাড়িতে চলতে হয়, যা অস্বস্তিকর।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে এবং অর্থনৈতিক বাস্তবতায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
অন্যদিকে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বিষয়টি স্বাগত জানিয়ে বলেন, এমপিদের ছোট ছোট দাবি নিয়ে কঠোর অবস্থান না নেওয়াই ভালো। সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও জানান, তাদের পক্ষ থেকে বিশেষ সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।