যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার প্রস্তাবে মিরপুর এলাকার ৩১৭ জন শিশুকে পুরস্কার হিসেবে নতুন সাইকেল দেওয়া হয়েছে। মঙ্গলবার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, “সাইকেল উপহারই মূল বিষয় নয়; বরং ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি অভ্যস্ত করে তোলা এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এই বয়সে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে অভ্যস্ত হলে ভবিষ্যতে তারা নামাজ থেকে বিরত হবে না।” তিনি আরও বলেন, মিরপুরের চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের ৩১৭ জন শিশু এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
প্রতিমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুরা যেন এই ভালো অভ্যাস শুধু রমজান মাসেই সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে পালন করে। তিনি সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং খাল খনন কর্মসূচি উল্লেখ করেন। এছাড়া তিনি জানান, আগামী ৩০ মার্চ দেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে কৃষকদের জন্য 'কৃষক কার্ড' কার্যক্রম চালু করা হবে।
সামাজিক শৃঙ্খলা রক্ষায় তিনি বলেন, ‘চাঁদাবাজ, মাদক ও দখলদার মুক্ত সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে এবং অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’