স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিএনপি সরকার দেশে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে এই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি, যাতে কারও মান-সম্মানে আঘাত না লাগে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এর অপব্যবহার হলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
এ সময় তিনি বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন।
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এ সময় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলারসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেল আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। এছাড়া গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও চলছে।
সভা শেষে প্রতিমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।