জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শুধু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ব্যক্তিরাই নন, যেসব অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধেও সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে আহমেদ আজম খান বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তথ্য চূড়ান্ত বা নির্ভুল নয়। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শহীদের সংখ্যা নিয়ে অতীতে বিতর্ক সৃষ্টি করা হয়েছিল। এ ধরনের বিতর্কের কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও তৎকালীন সরকার মামলা করেছিল বলে তিনি উল্লেখ করেন।
আহমেদ আজম খান বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করে যাচ্ছে।