প্রাণিসম্পদ খাতে সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৩ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। এজন্য প্রাণীর যথাযথ পরিচর্যা, চিকিৎসা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ খাতের উন্নয়নে কার্যকর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় রোগ নির্ণয় ব্যবস্থা, উন্নত ক্লিনিক এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ খাতকে আধুনিক ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ খাতকে গুরুত্ব দেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে হলে প্রকল্পের পরিধি ও বিনিয়োগ বাড়ানো জরুরি। দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় এলএসটি প্রকল্পের টিম লিডার ড. মো. মুশফিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. রেজাউল হক খান। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত