আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সতর্ক বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং উগ্রবাদ দমনে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

পুলিশের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পুলিশের নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ। টহল কিংবা দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যেন একা বা অরক্ষিত অবস্থায় না থাকেন, সে বিষয়ে নিয়মিত সতর্ক করা হয়।

মন্ত্রী বলেন, পুলিশের সদস্যদের দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই।

নিষিদ্ধ রাজনৈতিক দলের সম্ভাব্য কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে তাদের কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ নেই। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তৎপরতা চালানোর চেষ্টা করলেও মাঠপর্যায়ে কোনো প্রভাব বিস্তারের সক্ষমতা তাদের নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ করছে।

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করা হবে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। নির্বাচনসংক্রান্ত সিদ্ধান্ত ও কার্যক্রম নির্বাচন কমিশনই পরিচালনা করবে।

সংবাদ ব্রিফিংয়ে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত