খাল দখলমুক্তে কঠোর হুঁশিয়ারি দিলেন এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সারাদেশে জলাশয় ও খাল উদ্ধারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, খালে যত ব্যারিকেড, বাধা, দোকান কিংবা অবৈধ অবকাঠামোই থাকুক না কেন, কোনো কিছুই রাখা হবে না—খাল চলবে তার নিজস্ব গতিতে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর উপজেলা কাফিলাতলী বাজার এলাকায় ‘উত্তর হামছাদী সি-খাল’ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, তারেক রহমান এর নেতৃত্বে সারাদেশে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। ইতোমধ্যে দেশের প্রায় ৫০টি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেছেন। চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতেও এ কার্যক্রম চালু হবে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর খাল খনন উদ্যোগের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, সেই উদ্যোগ বাধাগ্রস্ত না হলে দেশ অনেক আগেই স্বনির্ভর হয়ে উঠত। বর্তমানে খালের মাঝখানে দোকান বা স্থাপনা নির্মাণ দুঃখজনক।

তিনি বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে এই অসমাপ্ত উদ্যোগ এবার সফল করা হবে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।”

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের এই সি-খালটি ১২ দশমিক ৬ কিলোমিটার এলাকায় পুনঃখনন করা হবে। ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে হামছাদী ও রায়পুর উপজেলার বামনী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে। এতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

লক্ষ্মীপুর-2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা এবং কৃষি উন্নয়ন ত্বরান্বিত করতে এ ধরনের খাল খনন কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে।

সম্পর্কিত