জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই গণঅভ্যুত্থানকে হঠাৎ করে পাওয়া যায়নি; দীর্ঘ সময়ের আন্দোলনের মধ্য দিয়ে এটি অর্জন করতে হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না যে আপনা-আপনি গাছ থেকে পড়ে গেছে। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানকে অর্জন করতে হয়েছে।

তিনি বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নেই—এমনটা মনে করা রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর ও কণ্টকাকীর্ণ। তাই নতুন রাজনৈতিক শক্তিকে বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বন্দোবস্ত ও নতুন রাজনীতির কথা বলা হলেও অনেকেই পুরোনো বন্দোবস্তের ধারায় রাজনীতি করছেন। রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন না করে সবকিছু বুঝে ফেলার দাবি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পুরোনো ধারার রাজনীতি এবং চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চান, তাদের উদ্দেশে তিনি বলেন, চেতনা বিক্রির রাজনীতি এরই মধ্যে ব্যর্থ হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ প্রকাশ্যে আবার কেউ আড়ালে থেকে আন্দোলনে যুক্ত ছিলেন। ভবিষ্যতে জাতীয় সংসদে বিতর্ক ও রাজপথে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা থাকবে। তবে এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না, যা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ করে দেয়।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, একাত্তরের চেতনার নামে দীর্ঘদিনের রাজনীতি শেষ পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাঁর ভাষায়, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি ঢাকায় ঘটেছে এবং এর পরবর্তী অধ্যায় দিল্লিতে গিয়ে শেষ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতাকে স্বীকার করে গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

সম্পর্কিত