ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই ও আগস্ট মাসের গণআন্দোলনের সময় ডিবি অফিসে আটক করা নেতাদের চোখ বেঁধে উপুর্যপুরি নির্যাতন করা হয়েছিল। তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোক প্রস্তাব’-এর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।
এ্যানি বলেন, আন্দোলনরত ছাত্র-জনতা ও নেতাদের ওপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয় এবং দেশ জুড়ে একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের নির্দেশে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, ২৫ জুলাই অনেক সিনিয়র নেতা ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় আটকা ছিলেন এবং তাদের ওপর উপুর্যপুরি নির্যাতন করা হয়েছিল। এই নেতাদের মধ্যে তখন সরকারি দলের কিছু সদস্য এবং বিরোধী দলের নেতারাও ছিলেন।
৫ আগস্টের স্মৃতিচারণ করে তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের দিন জেলখানায় নেতারা কান্নায় ভেঙে পড়েন এবং পরস্পরের সাথে আলিঙ্গন করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের বার্তা দেশ গঠনের প্রেরণা হয়ে দাঁড়ায়। এ্যানি তার বক্তব্যের শেষ পর্যায়ে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।