ইতালি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ইতালির সঙ্গে বাংলাদেশের সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও জোরদার করতে আগ্রহী।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করতে ইতালি আগ্রহী। তিনি জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ ইতালির অগ্রাধিকার।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজতর হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তা মন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্কিত