চট্টগ্রামে প্রাক-নির্বাচনি সভায় দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বডিওর্ন ক্যামেরা কার্যকর ভূমিকা রাখবে।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন আইজিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন নির্বাচনে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে হবে এবং প্রত্যাশিত সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
সভায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল কেনায় ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের সরকারি সুবিধা বাড়ানোর দাবি উল্লেখযোগ্য।
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ মহানগর এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সভায় চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি এবং চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।