আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বাস্থ্য বিভাগের লোগো
ছবি: স্বাস্থ্য বিভাগের লোগো

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় মুখ খুলেছে স্বাস্থ্য বিভাগ। ঘটনাটির কারণ অনুসন্ধান ও সম্ভাব্য অব্যবস্থাপনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে যান এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।

অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা এবং ছয়জন নবজাতক শিশু ছিলেন।

হাসপাতালে থাকা ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সময় ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ ছিল এবং সেখানে অস্বাভাবিক দুর্গন্ধ অনুভূত হয়। পরে বিষয়টি জানানো হলে কয়েকজনকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

অভিভাবকদের কেউ কেউ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস লিকেজের আশঙ্কার কথা বললেও এখন পর্যন্ত কোনো কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পোস্ট অপারেটিভ কক্ষে ছয় নবজাতক ও ১১ জন মা অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় একজন অভিভাবকের অনুরোধে কিছু সময়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা হয়েছিল। পরে নবজাতকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ দল আলামত সংগ্রহ করছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ছয় নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সম্পর্কিত