চলতি বছর আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।”
এছাড়া তিনি আরও জানান, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।