ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটির পরবর্তী শুনানিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বাদীর আপত্তির পরিপ্রেক্ষিতে আদালত মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়ে তদন্তভার সিআইডিকে হস্তান্তর করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ ডিসেম্বর আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হাদির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তের অগ্রগতির প্রেক্ষিতে মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা অভিযোগ যুক্ত করা হয়। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্তভার গ্রহণ করলেও পরে তা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশ তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলার মো. তাইজুল ইসলাম চৌধুরি বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তবে অভিযোগপত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়নি দাবি করে বাদীপক্ষ পুনঃতদন্তের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আদালত আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করেছেন।
এই মামলায় অভিযুক্তরা হলেন
প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), তার বাবা মো. হুমায়ুন কবির (৭০), মা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভীন সামিয়া (২৪), শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু (২৭), বান্ধবী মারিয়া আক্তার লিমা (২১), মো. কবির (৩৩), মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪), ভারতে পালাতে সহায়তার অভিযোগে সিবিয়ন দিউ (৩২), সঞ্জয় চিসিম (২৩), মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭)।
এছাড়া হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল (২৫), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ (২৬), সাবেক ওয়ার্ড কাউন্সিলার মো. তাইজুল ইসলাম চৌধুরি বাপ্পি, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১) ও জেসমিন আক্তার (৪২)।